বগুড়া ও ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও মনোয়নপত্র জমা দিয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার পক্ষে ও বগুড়া- ৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা মনোনয়নপত্র দুটি দাখিল করেন।
গতকাল বেলা সোয়া ৩টার দিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে তিনি নিজেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। হাইকমান্ডের সিদ্ধান্তে আরও একজন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এর আগে বেলা আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল উপস্থিত ছিলেন।
ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, রয়েছে বিকল্প প্রার্থী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন। বিএনপি চেয়ারপারসন ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলালসহ জেলা উপজেলার নেতারা।
এই আসনে বিকল্প প্রার্থী ঠিক করে রাখা হয়েছে বলে জানান খালেদা জিয়ার মনোনয়ন জমা দিতে আসা দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে তিনি ভোট করতে না পারেন তখন বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তার পক্ষে প্রচার-প্রচারণা চলমান।’
এর আগে ২১ ডিসেম্বর বিকেলে ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে বিএনপির নেতারা। একইসময় ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন,
ফেনী-৩ আসনে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া, ফেনী-৩ আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ (দুইবার), ২০০১ ও ২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসনটি বরাবরই খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে এই আসনে তার পক্ষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩, ফেনী-২ আসনে ১৬ এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা : ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়েছেন।
গতকাল সোমবার ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেওদয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এ জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন ও অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই অঞ্চলে আগে আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন।
পরে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে গত রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
