ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়েছেন চাঁদপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরাত জাহান বিন্দু।
পোস্টে ইসরাত জাহান বিন্দু লিখেন, আসসালামু আলাইকুম,দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আমার আজকের এই বক্তব্য।এনসিপি যে ১২৫টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে চাঁদপুর ২৬১নং আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে আমাকে মনোনীত করা হয়েছিল। ২৮ ডিসেম্বর বিকেলে আমি আমার নিজ আসন চাঁদপুর-২ এর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। আমার পাশে ছিলেন জুলাইয়ের পথচলার আপন মানুষরা, আহত ও শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণের জাতীয় নাগরিক পার্টির নিবেদিত নেতারা। তাদের উপস্থিতি আমার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই দেশের সংসদে তরুণ প্রজন্মের জায়গা হবেই। আজ না হলে আগামীকাল। আমার বিশ্বাস হারায়নি বরং আরও শক্ত হয়েছে।
