সোনারগাঁয়ে ৬ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইন্সটিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম রিফাত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রবিবার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
 
নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আবুল কালাম জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে বুধবার সকালে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।  

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এদিকে রিফাতের খোজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। ওই ছাত্রের বিবরণ দিয়ে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত