রাজধানীর রামপুরা ডিআইটি রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম খান জানান, সকালে রামপুরা ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের পাশের রাস্তায় ওই ব্যক্তিকে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। তখন পথচারীরা তাকে উদ্ধার করে বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতাল থেকে থানায় খবর দিলে পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। অটোরিকশাটিও শনাক্তের চেষ্টা চলছে।
