ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দুজন হাত মিলিয়ে কুশল বিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আয়াজ সাদিক ও জয়শঙ্করও ঢাকায় অবস্থান করেন। মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যু বরণ করা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকাজুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজন করা হয়।

গত মে মাসে স্বল্পস্থায়ী হলেও তীব্র সামরিক সংঘাতের পর এটি পাকিস্তান ও ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ। পহেলগাম ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে চার দিনব্যাপী সংঘর্ষে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ে। এশিয়া কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

ঢাকায় এই বৈঠককে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত