বিদ্বেষমুক্ত হৃদয় জান্নাতিদের বৈশিষ্ট্য

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:১২ এএম

পরকালীন মুক্তি ও জান্নাত লাভের জন্য জন্য কেবল ইবাদত-বন্দেগিই যথেষ্ট নয়, অন্তরের পবিত্রতা এবং বিদ্বেষমুক্ত থাকাও আবশ্যক। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এটার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিদ্বেষমুক্ত হৃদয়ের অধিকারী হওয়ায় রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশাতেই তিনি জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন।

একদিন মসজিদে নববীতে সাহাবিদের সঙ্গে বসে হঠাৎ রাসুলুল্লাহ (সা.) বললেন, এখন তোমাদের সামনে এমন এক ব্যক্তি আসবে, যে জান্নাতি। কিছুক্ষণ পর হজরত সাদ (রা.) প্রবেশ করলেন। তার দাড়ি বেয়ে অজুর পানি টপকে পড়ছিল এবং বাম হাতে জুতা ধরা ছিল। বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনা পরপর তিন দিন ঘটল এবং প্রতিবারই সেই একই সাহাবি, হজরত সাদ (রা.) প্রবেশ করলেন। (মুসনাদে আহমাদ)

সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) জানতে চাইলেন, হজরত সাদ (রা.) কীভাবে এই বিরল সৌভাগ্য অর্জন করেছেন? তিনি কৌশল করে তিন দিন তিন রাত হজরত সাদ (রা.)-এর বাড়িতে মেহমান হিসেবে থাকলেন এবং তার ইবাদত পর্যবেক্ষণ করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, সাদ (রা.) ফরজ ইবাদতের বাইরে রাতজাগা বা অতিরিক্ত নফল নামাজ পড়তেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহর জিকির করতেন। অবশ্য তার মুখ থেকে ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শোনা যায়নি।

বিদায়ের সময় আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) সরাসরি জানতে চাইলেন, কোন আমল তাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে? জবাবে হজরত সাদ (রা.) বললেন, আমার যেটি তুমি দেখেছ, সেটিই প্রধান আমল। তবে একটি বিশেষ বিষয় হলো, আমি অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ বা গোপন শত্রুতা রাখি না। আর আল্লাহ কাউকে যে নেয়ামত দিয়েছেন, তা দেখে আমি কখনো হিংসা করি না।

এই কথা শুনে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বিস্মিত হয়ে বললেন, এই গুণটিই আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আর এটাই আমরা করতে পারি না। (মুসনাদে বাজজার)

হজরত সাদ (রা.)-এর উদাহরণ থেকে বোঝা যায়, আল্লাহর কাছে অন্তরের স্বচ্ছতা ও পবিত্রতা অনেক বেশি মূল্যবান। তাই জান্নাতি হওয়ার জন্য আমাদের উচিত, অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ বা শত্রুতা না রাখা। অন্যের সুখ বা উন্নতি দেখে হিংসা না করা। সব মুসলিমের জন্য কল্যাণ কামনা করা।

হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) ছিলেন ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। তিনি ‘আশারায়ে মুবাশশারা’ তথা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবির একজন।

লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত