শরীয়তপুরের ডামুড্যায় দোকান থেকে বাড়ি ফেরার সময় খোকন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে শরীরে আগুন দিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা বাজারের কাছে এ ঘটনা ঘটেছে।
আহত খোকন চন্দ্র দাস (৫০) উপজেলার তিলই গ্রামের পরেশ চন্দ্রের ছেলে ও কেউর ভাঙ্গা বাজারের ঔষধ ও মোবাইল ব্যাংকিংয়ে ব্যবসা করেন।
ডামুড্যা থানা পুলিশ জানায়, ব্যবসার কাজ শেষ করে প্রতিদিন রাতে বাজার থেকে তিলই গ্রামের বাড়িতে ফেরেন। বুধবার রাতে দোকান বন্ধ করে দোকানের সারা দিনের বিক্রির টাকা নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে ডামুড্যা-শরীয়তপুর সড়কের কেউরভাঙ্গা বাজারের অদূরে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা অটোরিকশা থামিয়ে তাকে মারধর করেন। প্রথমে তাকে কুপিয়ে আহত করা হয়। এরপর তার মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য খোকন সড়কের পাশে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানো হয়।
তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। হামলাকারীদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন স্থানীয় রাব্বি ও সোহাগ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
