স্বামীর হাত থেকে ফসকে ট্রেনের নিচে পড়ে স্ত্রীর মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নারীর নাম রুপা খাতুন (২৩)। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, স্বামী অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যেতে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে ওঠাচ্ছিলেন।

এ সময় তার স্ত্রী রুপা হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত