মাগুরার শালিখা উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটু ম-ল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার বলাই নাগসা গ্রামের সাহিম, রাতুল এবং অজ্ঞাতনামা আরও একজন ফটকি নদীর পাড়ে বসে গাঁজা সেবন করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় গজদূর্বা গ্রামের টিটু ম-ল, ডলার ম-ল, লাবিব ম-ল, শাকিল ও ফাহিম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। তখন ক্ষিপ্ত হয়ে ফাহিম ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে টিটু ম-লসহ পাঁচজন আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ফাহিমকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য দুই অভিযুক্ত পালিয়ে যায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিটু ম-লকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শালিখা থানার ওসি আবু সাঈদ জানান, স্থানীয় জনগণের হাতে আটক হওয়ার পর সাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
