গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
সারা দেশে একযোগে দুপুর ২টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারী ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে গাকৃবিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩৩৬ জন পরীক্ষার্থী।
পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারির মধ্যে যে কোনো দিন। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংশ্লিষ্ট তথ্যাদি কৃষিগুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
