জুলাই অভ্যুত্থানে হত্যাকান্ডে জড়িত পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এ সময় তিনি তিনদফা দাবি ও তিন দফা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি হলো ১. জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে যে সব থানার অধীনে ছাত্র-জনতা শহীদ হয়েছেন, সেই সব থানার ওসি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদের তালিকা প্রণয়ন করা হবে। এই তালিকাটি আইসিটি ট্রাইব্র্যনালে দাখিল করে মামলা করা হবে। ২. ইনডেমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মাধ্যমে জারি নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩. নির্বাচনকালীন বৃহত্তম দুটি জোটের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করার লক্ষ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে।
তিন দফা দাবি হলো ১. বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ও ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে নিঃশর্ত মুক্তি এবং ওমর ফারুকসহ হেনস্তাকারী পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ২. জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি ৩. জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সামরিক, আধা-সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীর ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিতের দাবি জানায় বৈষম্যবিরোধী আন্দোলন। এ ছাড়া কর্মক্ষেত্রে হয়রানি রোধে একটি স্থায়ী কমিশন গঠন করা, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি থেকে বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে পদায়ন নিশ্চিতের দাবি জানায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
