সারা দেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
বুলেটিনে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃ ত রয়েছে।
আবহাওয়া পর্যালোচনায়: ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ। ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।