চুল দিয়ে গাড়ি টানা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ এএম

গাড়ি কত ভারী একটা জিনিস, তা আমরা জানি। গাড়ি চলার জন্য বড়সড় রকমের ইঞ্জিন দরকার হয়। কিন্তু ইঞ্জিনের শক্তি ছাড়াই কয়েকজন লোক বিস্ময়করভাবে তাদের চুল দিয়ে গাড়ি টেনে দেখিয়েছেন। শুধু তা-ই নয়, চুল দিয়ে ট্রেন টেনে নেওয়ার রেকর্ডও রয়েছে কারও কারও। চুলের মতো চিকন একটা জিনিস, যা আবার টান দিলেই মাথা থেকে উঠে যায়, তা দিয়ে গাড়ি টেনে নিয়ে যাওয়া একটু পাগলামিই বটে! এর আগে অনেকেই চুল দিয়ে গাড়ি টানলেও পায়ে চাকার জুতা, মানে যা দিয়ে স্কেটিং করা হয়, তা পরে কেউ এই কাজ করতে পারেনি।

চাকার জুতা পরে কিছু টানতে গেলে স্বাভাবিকভাবেই পেছনের দিকে টান পড়বে, মানে জিনিসটা টেনে নেওয়া খুব একটা সহজ হবে না। কিন্তু এমন একটা কঠিন কাজই করে দেখালেন ভারতের কপিল গেহলত নামের এক লোক, যা শুধু বিশ্বরেকর্ডই নয়, চুল দিয়ে গাড়ি টানার তালিকায় যোগ করেছে এক নতুন মাত্রা। রাজস্থানের জোতপুরে কপিল চাকার জুতা পরে চুলে বেঁধে ১২০ মিটার পথ টেনে নিয়ে যান ১১ হাজার পাউন্ড ওজনের একটি বাস, যা ছিল সত্যি চমকপ্রদ।

তবে কপিলের জন্য কাজটি মোটেই সহজ ছিল না, চাকার জুতা তাকে পেছনের দিকে টেনেছে প্রথম দিকে, তবে কপিলের দক্ষতার কাছে তা হার মেনেছে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, অদ্ভুত সব খেলায় অংশ নিতে তিনি পছন্দ করেন, তা ছাড়া চুল মজবুত করার জন্য তিনি চুলে নিয়মিত তেল ব্যবহার করতেন বলেও জানান। তার ওই ঘটনায় পুরো এলাকায় তো  বটেই, সংবাদমাধ্যমেও নানা রকম রসাত্মক সংবাদ হতে থাকে তাকে নিয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত