সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ ওসমান হাদি হলের ডাইনিংয়ে রান্না বন্ধ থাকায় খাবার না পেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস না থাকায় একটি ভাড়া ভবনে চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল। হলটিতে ১১০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন। প্রতি মিলে শিক্ষার্থীরা ৮০ টাকা পরিশোধ করে খাবার গ্রহণ করে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত থেকে বেতন বকেয়া থাকায় বাবুর্চি রান্না বন্ধ করে চলে গেছে। এরপর থেকে খাবার পাচ্ছে না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়টি সুরাহা না করে শিক্ষার্থীদের বাড়তি টাকা দিতে বলা হচ্ছে। যা শিক্ষার্থীদের পক্ষে প্রদান করা সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছি, দাবি পূরণ না হওয়া অবধি কর্মসূচি চলবে।
এ বিষয়ে হল প্রভোস্ট ইয়াদ সিং শুভ বলেন, হলে আবাসিক শিক্ষার্থীদের খাবারের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। এটি আর বাড়ানো সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের ম্যানেজ করতে বলা হয়েছে, তা না করায় বাবুর্চি চলে গেছে। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।
স্ত্রীর সঙ্গে মুছাব্বিরের শেষ কথা ‘একটা কফি বানিয়ে দাও’