বাঁশখালীতে বনের জায়গা দখলে করা বাড়ি ভেঙে দিল প্রশাসন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী অভয়ারণ্য রেঞ্জের পুঁইছড়ি বনবিভাগের সংরক্ষিত এলাকায় বনের জায়গা দখল করে নির্মাণ করা বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বশিরা বাড়ি এলাকায় বনবিভাগের সংরক্ষিত জায়গায় তৈরি করা পাঁকা বাড়ি ভেঙে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের চাম্বল বনবিট, বনবিট নাপোড়া ও বনবিট পুঁইছড়ির জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হকসহ উপস্থিত ছিলেন।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন বিভাগের সংরক্ষিত এলাকায় বনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। তিনি বাড়ি নির্মাণের শুরু থেকে বনবিভাগ একাধিকবার অভিযান ও মামলা দেওয়া হলেও বাড়ি নির্মাণ অব্যাহত রাখেন।

জলদী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বনবিভাগের সংরক্ষিত বন ভূমি ২.৫ খানি বা ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তখন তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়বার বাঁধা দিয়েছি এবং মামলাও দিয়েছি। কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, বাঁশখালীর পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বশিরা বাড়ি বনবিভাগের সংরক্ষিত এলাকায় ১০০ শতাংশ সরকারি বনের জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছিল আব্দুল মান্নান নামে এক ব্যক্তি। অভিযানে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে এভাবে ভবন নির্মাণ করবে পর্যায়ক্রমে সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত