নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক বিএনপি নেতা আবু রায়হান। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুলের সঙ্গে তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। গতকাল তাজপুর গ্রামীণ সড়কে তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।’
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
সিংড়া থানার ওসি আব্দুন নূর বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
