বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উদ্দেশে পাঠানো শোকবার্তায় ইনফান্তিনো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ও পথপ্রদর্শক ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।
শোকবার্তায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান ইনফান্তিনো। এই মানবিক সহানুভূতির জন্য ফিফা প্রেসিডেন্ট ও বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাফুফে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ইতোমধ্যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও ক্লাব আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে। এ উপলক্ষে ৫ জানুয়ারি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
