মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি আজ

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ আবেদন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদন শেষ হয়েছে। আজ থেকে আপিলের শুনানি শুরু হবে। গতকাল শুক্রবার শেষ দিনে ১৭৬ জন প্রার্থী আপিল করেছেন। সব মিলিয়ে ৬৪৫টি আপিল জমা পড়েছে।

ইসির আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৫৬৮ জন। যাচাই- বাছাই করে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার থেকে শুরু হয় সংক্ষুব্ধদের আপিল। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষ দিনে অন্তত ১৭৬টি আপিল জমা পড়েছে। এ নিয়ে পাঁচ দিনে ৬৪৫টি আপিল আবেদন হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত