চট্টগ্রাম-৬ আসন

বিএনপির সবুজ সংকেত পেয়েছেন গিয়াস কাদের!

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় মনোনয়নের বিষয়ে হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ইতিমধ্যে আনঅফিশিয়ালি জানানো হয়েছে। ২০ জানুয়ারি অফিশিয়ালি জানানো হবে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর গুডস হিলের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাউজান আসনে এবারের সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সেখানে দলীয় প্রার্থী কে হচ্ছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আঁরে সবুজ সংকেত দিইয়ে অ ভাই, এতেল্লাই বেয়া¹ুনে ওয়াঁরে বইস্যি দি (আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তাই সবাইকে নিয়ে বসেছি)।’

সংবাদ সম্মেলনে রাউজানের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে গিয়াস কাদের বলেন, “১৭ বছর আওয়ামী ফ্যাসিসদের গুম, খুন, ধর্ষণ ও অকথ্য নির্যাতনের জাঁতাকলে পিষ্ট ছিল রাউজান। বর্তমানে আওয়ামী ফ্যাসিস্টের উচ্ছিষ্ট ভোগকারী বিএনপি দাবিদার আওয়ামী লীগের ‘বি টিম’ নামে পরিচিত চিহ্নিত গোষ্ঠী রাউজানের একের পর এক ধারাবাহিকভাবে রাজনৈতিক হত্যাকান্ড ঘটিয়ে চলেছে। ৫ আগস্ট-পরবর্তী রাউজানের সংঘটিত হত্যাকান্ডের শিকার ১৯ জনের মধ্যে ১৩ জনই আমার অনুসারী।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে রাউজানসহ সারা চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত