আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক ড্রাইভারসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ও পুলিশ ড্রাইভার রবিন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাংলাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই মনিরুল ইসলাম ও ড্রাইভার রবিন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জুনিয়র অফিসার মো. রফিক জানান, রাতে আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এসআই মনিরুল ইসলামকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ড্রাইভার রবিনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘রাতে পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামিকে আটক করা সম্ভব হয়নি।’

পুলিশ জানায়, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত