চলছে অব্যাহত শৈত্যপ্রবাহ, উত্তরে তীব্র শীত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে উত্তরের বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা কয়েক জায়গায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এ সময় মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

তবে একই সময়ে দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে, একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

গত কয়েক দিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যাচ্ছে না। শনিবার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

টানা শীত ও কুয়াশার প্রভাবে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম সংকটে পড়েছেন। কনকনে শীতের কারণে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণের জন্য ভোর থেকে গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে মানুষকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত