এলপিজি সংকটের নেতিবাচক প্রভাব পরিবহন খাতে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দেশে চলমান এলপিজি অটোগ্যাস সংকটের কারণে ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’ কর্তৃক ‘এলপিজি সংকটের নেতিবাচক প্রভাব পরিবহন খাতে’ শীর্ষক এক সংবাদ সম্মেলন  শনিবার (১০ জানুয়ারি) আয়োজন করে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা, উপদেষ্টা সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সহ-সভাপতি টি মাশফু ববি, সাঈদা আক্তার, সাধারণ সম্পাদক মো. হাসিন পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. ইকবাল হোসাইন, যুগ্ন অর্থ সম্পাদক মো. মোকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মো. হুমায়ন কবির ভূঁইয়া, মো. মশিউর রহমান, অফিস সচিব ইঞ্জি. হারিসুল ইসলাম, রাজশাহী জোনের সভাপতি দেওয়ান যোবায়ের আহমেদ, বরিশাল জোনের সভাপতি মীর আহসান উদ্দিন পারভেজ, খুলনা জোনের সভাপতি এ. এন এম আব্দুল হাই তপু, সাধারণ সম্পাদক মীর মো. সায়েরুজ্জামান, কুমিল্লা জোনের সভাপতি তাজুল ইসলাম, রংপুর জোনের সি: সহসভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, ইউসা মাল্টিবিজ লিমিটেড স্বত্বাধিকারী হোজাইফা বিন সাদেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

সংবাদ সম্মেলনে দেশে চলমান এলপি গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা।

এলপিজি অটোগ্যাস একটি পরিবেশবান্ধব, সহজলভ্য ও সাশ্রয়ী জ্বালানি যাহা সিএনজি, পেট্রোল, অকটেন ও ডিজেলের বিকল্প হিসেবে যানবাহনে ব্যবহার হয়ে আসছে।

যানবাহনে এলপিজি ব্যবহারের বিভিন্ন সুবিধার জন্য সরকারের উৎসাহে সারাদেশের ৬৪ জেলায় প্রায় ১০০০ এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং যার উপর ভিত্তি করে প্রায় দেড় লক্ষ গাড়ি এলপিজি’তে কনভার্ট হয়েছে।  

বর্তমানে এলপিজি’র তীব্র সংকটের ফলে দেশের প্রায় সকল অটোগ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে স্টেশন মালিক, প্রায় দেড় লক্ষ এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীসেবা মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে। যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে।

তিনি জানান, বর্তমানে দেশে প্রতি মাসে গড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন এলপিজি ব্যবহৃত হয়, যার মধ্যে যানবাহন খাতে ১৫ হাজার মেট্রিক টন বা প্রায় ১০ শতাংশ ব্যবহৃত হয়। অথচ এই সামান্য পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় পুরো এলপিজি অটোগ্যাস শিল্প আজ ধ্বংসের মুখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত