মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বালিগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযানটি পরিচালনা করে।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিগাঁও ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র, এক কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টির বেশি শনাক্তহীন মাদক ও মাদক বিক্রির ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা নগদ টাাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত। উদ্ধারকৃত মাদক ও অর্থসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
