বাংলাদেশকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি ভারতের!

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। উচ্চপদস্থ প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এটি একটি নৌ-বিভাগ হিসেবে কাজ করবে। ঘাঁটির মূল লক্ষ্য হবে ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা। বঙ্গোপসাগরের উত্তর দিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কৌশলগত নৈকট্যর প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনকে নজরদারির মধ্যে রাখতেই এ উদ্যোগ।

হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্সকে কাজে লাগিয়ে এই ঘাঁটি তৈরি করা হবে। এর ফলে ন্যূনতম অবকাঠামো ব্যবহার করেই নৌবাহিনী দ্রুত এটি চালু করতে পারবে। প্রাথমিক পর্যায়ে একটি বিশেষ জেটি এবং উপকূলীয় সহায়তা সুবিধা নিয়ে নির্মাণের কাজ শুরু হবে।

ভারতীয় নৌবাহিনীর সূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটিতে মোতায়েন করা হবে বেশ কয়েকটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি)-এর মতো দ্রুতগামী সামরিক নৌযান। এসব সামরিক নৌযানের গতি ৪০ থেকে ৪৫ নটিকেল অর্থাৎ ঘণ্টায় ৭৪ দশমিক ০৮ থেকে ৮৩ দশমিক ৩৪ কিলোমিটার।

ভারতীয় নৌবাহিনীর এফআইসি এবং এনডব্লিউজেএফএসি সিরিজের যুদ্ধজাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান। এগুলোকে সজ্জিত করা হবে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আত্মঘাতী ড্রোন নাগাস্ত্র সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে।

প্রস্তাবিত এই নতুন ঘাঁটিতে ১০০ জন সেনা কর্মকর্তা ও সৈনিক সার্বক্ষণিকভাবে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত