সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০ আসন পাবে: শামীম হায়দার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড বা অনিশ্চিত। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমি মনে করি ৪০ থেকে ৭০টি আসন পাব।

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর স্বাচ্ছন্দ্য খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে।

জাপা মহাসচিব বলেন, এবার টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল উন্মুক্ত মন নিয়ে যাচাই-বাছাই করে সেগুলো গ্রহণ করছেন আপিলের ক্ষেত্রে। এটি একটি ভালো দিক।

তিনি প্রশ্ন তোলেন, এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাঁদের এই ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি বলেন, আমি বলব মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে প্রভাবিত করেছে। যে সংশোধনীগুলো তাঁরা করতে পারতেন, বলতে পারতেন, গ্রহণ করতে পারতেন। মবের ভয়ের কারণে তাঁরা তা পারেননি। কারণ তৎক্ষণাৎ তাঁকে একটা ট্যাগিং করে দেওয়া হতো। তৎক্ষণাৎ তাঁকে দোসর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে।

জাতীয় পার্টির বর্তমানে দুই ভাগ হওয়া এবং দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে। লাঙ্গল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও ভীতিকর পরিস্থিতির মধ্যেও ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত