নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে: চসিক মেয়র

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে আবারও উৎসব মুখর নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ২০০১ সালের পর থেকে দেশে কোনো জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত না হওয়ায় নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অনাস্থা দূর করতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে কালামিয়া বাজারস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা আকতার খানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

শাহাদাত বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০০৮ সালের নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণসহ নানা কৌশলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। পরবর্তীতে ধারাবাহিক অপকৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ। তিনি অভিযোগ করেন, এর ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং জনগণের মত প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দেশের শাসনব্যবস্থাকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে হলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি। এই অধিকার ফিরিয়ে না আনলে রাষ্ট্র পরিচালনায় জন-আস্থার সংকট আরও গভীর হবে।

এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, আনোয়ার হোসেন লিপু, মো. ইসমাইল বালি, কেন্দ্রীয় মহিলাদলের সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত