বলিউডে কাজ পেতে মরিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

বলিউডে কাজ পেতে মরিয়া হয়ে উঠেছেন বছরের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানো অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ। ইতিমধ্যে শাহরুখ-সালমানদের সঙ্গেও যোগাযোগ করে ফেলেছেন তিনি । দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেই অবশ্য বোমাটা ফাটালেন এই অভিনেতা। সম্প্রতি ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর দুবাই প্রিমিয়ারের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে এসেছিলেন অভিনেতা-ব়্যাপার। সেখানেই বলিউডে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন উইল স্মিথ। তবে সিনেদুনিয়ার কোনো ‘চুনোপুটি’ নয়, বরং বলিউড ডেবিউয়ের জন্য সহশিল্পী হিসেবে তালিকায় তিনি এগিয়ে রেখেছেন, অমিতাভ বচ্চন, শাহরুখ-সালমানদের। 

 স্মিথের কথায়, হিন্দি সিনেদুনিয়ার অনেকেই বর্তমানে হলিউডে দাপিয়ে কাজ করছেন, তবে পশ্চিমা বিনোদুনিয়ার শিল্পীরা বলিউডে শিকে ছিড়তে পারেননি! সে প্রসঙ্গ উল্লেখ করেই অস্কারজয়ী শিল্পীর মন্তব্য, ‘আমি সালমানের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছিল। এরপর বিগ বি’র সঙ্গেও কিছু একটা প্রজেক্ট করার চেষ্টা করছিলাম,জানেন তো! অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি বিগ ডব্লিউ হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি।’ 

 এরপরই শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেন উইল স্মিথ। তিনি জানান, ‘আমি চাই, এবার শাহরুখ আমাকে কোনো একটা প্রজেক্টে সুযোগ দিক।’ পাপারাজ্জিদের ক্যামেরার মাধ্যমে শাহরুখকে কুশল-মঙ্গল জিজ্ঞাসা করে স্মিথ প্রশ্ন ছোড়েন, ‘কী খবর?’ তাহলে কী খুব শিগগিরিই বলিউডে নাম লেখাতে চলেছেন হলিউডের নামজাদা অভিনেতা উইল স্মিথ? 

উল্লেখ্য, বিগত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রাই বচ্চন, অনিল কাপুরদের মতো একাধিক শিল্পী হলিউডে কাজ করেছেন। তালিকার শীর্ষে প্রয়াত ইরফান খানের নামও রয়েছে। এবার বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ করে শোরগোল ফেললেন অস্কারজয়ী উইল স্মিথ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত