সুবিধাবঞ্চিত দুর্গম পাহাড়ি অঞ্চলে বিজিবির সহায়তা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হরিণা জোন এলাকায় ঢেউটিন, সোলার প্যানেল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে হরিণা জোন (১২ বিজিবি)। 

গতকাল সোমবার জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে হরিণার মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা দিয়ে আসছে বিজিবি।

জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোটহরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া এবং বড়হরিণা ইউনিয়নের মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং অসহায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, সোলার প্যানেল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভূষণছড়া মুসলিমপাড়া জামে মসজিদে একটি মাইক সেট এবং স্থানীয় ছাত্রদের মনোবল উজ্জীবিত করার লক্ষে খেলাধুলাসামগ্রী বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত