ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হবে আগামী বৃহস্পতিবার। গতকাল সোমবার মামলার অভিযোগপত্র আমলে নেওয়া জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের সময়ের আবেদনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ১৫ জানুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য তারিখ ধার্য করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনার জন্য গতকাল তিন আইনজীবী নিযুক্ত করা হয়। তারা হলেন, অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এসএম মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল। গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
×
