৩ শর্তে প্রার্থীদের লিখিত দিলে হবে শাকসু, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের ৩টি শর্তে লিখিত দিলে শাকসু নির্বাচন হবে। তবে শিক্ষার্থীরা ওই শর্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন।


জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ সকল নির্বাচন কমিশনারদের সমন্বয়ে অনুষ্ঠিত ফুল কমিশন সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

সভায় শাকসু নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি ও উদ্ভূত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ৩টি শর্তে লিখিত দিলে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হবে। 

শর্তগুলো হলো- নির্বাচনকালীন কোনো অকারেন্স হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না এবং জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এসব শর্তের ওপর প্রার্থীদের লিখিত স্বাক্ষর করতে হবে। তবেই শাকসু করতে বাধা থাকবে না।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব শর্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন অব্যাহত রেখেছেন। 

একই সাথে তারা দাবি জানিয়েছে, বিনা শর্তে আজকেই ঘোষণা করতে হবে আগামী ২০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবেই তারা আন্দোলন প্রত্যাহার করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত