বিশ্বফুটবলের অন্যতম স্মরণীয় নাম গিলবার্তো সিলভা। ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অভিযানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই গৌরবময় দলের প্রতিনিধি হিসেবেই আজ বিশ্বকাপের আসল ট্রফি নিয়ে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন তিনি।
বাংলাদেশে পা রেখেই উচ্ছ্বাস লুকাননি ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ খেলা গিলবার্তো সিলভা। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশে এসে তার দারুণ ভালো লাগছে এবং এটি তার জীবনের প্রথম বাংলাদেশ সফর। উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি ফিফা, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, কোকা-কোলা এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশ্বকাপ ট্রফিকে ঘিরে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে গিলবার্তো বলেন, বাংলাদেশের মতো ফুটবলপ্রেমী একটি দেশে বিশ্বকাপের আসল ট্রফি নিয়ে আসতে পারা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার মতে, এই ট্রফিটি শুধু একটি শিরোপা নয়, এটি ফুটবলের ইতিহাস ও আবেগের প্রতীক। আজও ট্রফিটিকে এত কাছ থেকে দেখলে তিনি নতুন করে অনুপ্রেরণা পান—ফুটবলকে উপভোগ করতে এবং এই সুন্দর খেলাটির একজন দূত হিসেবে কাজ চালিয়ে যেতে।
ফিফা ও সফরসঙ্গীদের পক্ষ থেকে বাংলাদেশে ট্রফিটি প্রদর্শনের সুযোগ পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবেই দেখছেন। গিলবার্তোর আশা, 'বিশ্বকাপ ট্রফির এই উপস্থিতি বাংলাদেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায়, বিশেষ করে ফুটবলে আরও বেশি করে আগ্রহী করে তুলবে। তার ভাষায়, ফুটবল এমন একটি খেলা, যেটিকে তারা সত্যিই ভালোবাসেন এবং এই ভালোবাসাই আগামী দিনের ফুটবলারদের এগিয়ে নিয়ে যাবে।'
বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় চিন্তিত নন তানজিদ তামিম