রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষায় প্রায় ৬০০ শিক্ষার্থী ফেল করায় সকল অকৃতকার্য শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যেকোনো কারণে শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হতে পারে। তাই ফেল করা শিক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া অথবা একই শ্রেণিতে রেখে একই প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা উচিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ফেল করার দায় শুধু তাদের একার নয়; বিষয়ভিত্তিক শিক্ষকদেরও দায় রয়েছে। শ্রেণিকক্ষে নিয়মিত ও মানসম্মত পাঠদান এবং কর্তৃপক্ষের কার্যকর মনিটরিং থাকলে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করত না। তারা দাবি করেন, পরীক্ষায় ফেল করানোর দায়ে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকদেরও শাস্তির আওতায় আনতে হবে, প্রয়োজনে চাকরিচ্যুতি কিংবা বেতন-ভাতা স্থগিত করার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অভিভাবক ঐক্য ফোরাম নেতারা আরও বলেন, কোনো অভিভাবকই চায় না তার সন্তান পরীক্ষায় অকৃতকার্য হোক। সুশিক্ষা ও ভালো ফলাফলের আশায় অভিভাবকরা
শিক্ষকদের জিম্মায় সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান।
তারা দাবি করেন, পরীক্ষার ফলাফলে শাস্তি একপাক্ষিক না হয়ে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকদেরও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি সারাদেশে বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে অভিন্ন পাশ নম্বর নির্ধারণেরও দাবি জানান তারা। এসময় অভিভাবক ঐক্য ফোরাম এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
