দিনাজপুরে নবাবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সানজিদা আক্তার (১৫) নামে এক কিশোরীর ওপরে হামলার ঘটনা ঘটেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সোয়া ১টায় উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সানজিদা ওই এলাকার ওবায়দুল হকের মেয়ে ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী।
পারিবার সূত্র জানায়, রাতে অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি বাড়িতে ঢুকে সানজিদার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় ও ছুরিকাঘাত করে। সানজিদার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সানজিদার মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষত রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
