শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং কয়েকজন ইউপি সদস্যসহ আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে গত মঙ্গলবার সামন্তসার ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, কয়েকজন নারী ও পুরুষ ইউপি সদস্যসহ চার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় নবাগত নেতাকর্মীরা মিয়া নুরুদ্দিন অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। বিএনপিতে যোগ দিয়ে আগামী বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, যারা বিএনপিকে ভালোবেসে দলে এসেছেন, তাদের পাশে আমরা সবসময় থাকব। আমরা এখন একটি পরিবারে যুক্ত হয়েছি। সবাই মিলে উন্নত শরীয়তপুর গড়ে তুলব ইনশাআল্লাহ।
