শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন: ট্রাম্প

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া না, সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত।

তিনি বলেন, আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি।’

রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময় ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত