হালুয়াঘাটে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অংশগ্রহণ করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বেগম খালেদা জিয়া এমন এক সময়ে ইন্তেকাল করেছেন, যখন দেশ ও জাতির জন্য তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।সংকটময় সময়ে দেশনেত্রীর অভাব জাতি গভীরভাবে অনুভব করছে।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন। আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম এবং জনগণের কল্যাণই ছিল তার রাজনীতির মূল দর্শন।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ মুক্তি চায়, ন্যায়বিচার ও ভোটের অধিকার চায়। বিএনপির নেতৃত্বেই ইনশাআল্লাহ সেই মুক্তির পথ সুগম হবে।’

বক্তব্য শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের শান্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। শোক সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হালুয়াঘাটের মনিকুড়া, টানাব্রিজ, ইমেক্স হোটেল, পূর্ব দর্শায় অনুষ্ঠিত এসব দোয়া ও শোক সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ডা, ইমন উদ্দিন, সুলতান মহিউদ্দিন, লুতফর রহমান, কামরুল হাসান, জহিরুল ইসলাম বাবু, ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স শুক্রবার দুপুরে গাজিরভিটা ইউনিয়নের বেলতলী গ্রামে উপজেলা বিএনপির সদস্য শামসুল আলম শামিমের মৃত্যুতে দোয়া ও শোক সভায় যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত