আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আর মাহমুদ ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।

জানা গেছে, নিহত আব্দুল্লাহ আর মাহমুদ ফারুক পাবনার আমিনপুর থানার দিয়ারবামন্দি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি কোচে করে আরিচা ঘাটে পৌঁছান। ঘাটে নেমে স্পিডবোটে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় স্পিডবোট কাউন্টারের কর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্পিডবোট ঘাটে দায়িত্বে থাকা আতোয়ার রহমান জানান, যাত্রী অসুস্থ হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে তাকে উথলী সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাকে মুন্নু মেডিকেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার জানান, ফেসবুকের মাধ্যমে তিনি যুগ্ম সচিবের মৃত্যুর খবর জানতে পারেন। বিষয়টি জানার পর তিনি বিস্তারিত খোঁজ-খবর নিতে শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, উপজেলায় কোনো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেনি। পরে তিনি স্পিডবোট ঘাটে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই কর্মকর্তা স্পিডবোটে ওঠার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুন্নু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরবর্তীতে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন এবং পরে তা গ্রামের বাড়িতে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত