বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে বিদায়ী সপ্তাহে উভয় ডিএসইতে বাজার মূলধন বাড়লেও সিএসইতে কমছে। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১ হাজার ৯১২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৪৭ শতাংশ কমে ৯৯৫ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫২ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি ৫৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি ৪০ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭২ কোটি ১১ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। তবে লেনদেন হয়নি ২৭টির।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.০৮ শতাংশ কমে ১২ হাজার ৪৭৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ৮ হাজার ৬২২ পয়েন্টে, সিএসআই সূচক শূন্য দশমিক ৯৫ শতাংশ কমে ৮৫২ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৩৪৭ কোটি ২৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯১ হাজার ৩৪৭ কোটি ২৫ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬৮৩ কোটি ২৪ লাখ টাকা।
আলোচ্য সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৮০ লাখ টাকা। এ সময়ে সিএসইতে মোট ২৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
