বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনের আলোচনা সভা চলছিল শহরের শহীদ টিটু মিলনায়তনে। কিন্তু হঠাৎ করে বৈদ্যুতিক গন্ডগোলে থেমে যায় আলোচনা। এ সময় বক্তব্য রাখছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর হলের পিছনে বসে থাকা বিএনপির নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। তাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। অনেকেই ধারণা করেন হলের পেছনে এসিতে আগুন লেগেছে। পরে দেখা যায় কয়েকটি সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভাটি স্থগিত করা হয়।
বগুড়া পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান জানান, সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার ফোন পেয়ে টিটু মিলনায়তনে যাই। দেখি কেন্দ্রীয় বিদ্যুৎ বোর্ডে থাকা সার্কিট ব্রেকারে শর্ট সার্কিট হয়েছে। সেটা পুড়ে গিয়ে হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এসি বা অন্য কোনকিছুতে আগুন লাগেনি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিদ্যুতের কারণে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি আগেই বক্তব্য দিয়েছেন। তাই নেতাকর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
