সিরাজগঞ্জের শাহজাদপুরে বোরকা পরে চুরি করতে এসে তিন নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে শত শত নারী-পুরুষের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে শিমুল (২৫), প্রিয়া (২২) ও লাকী (২৫) নামে তিন নারী বোরকা পরে নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় তারা সুযোগ নিয়ে ঘরের ভেতরে ঢুকে ইলেকট্রিক কাজের প্লাস ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র খুলে চুরি করতে থাকে।
চুরি করা মালামাল নিয়ে বের হওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিন নারীকে ধরে ফেলেন। পরে তাদের আটকে রাখলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
এলাকার ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, আটক নারীরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা বোরকা পরে বিভিন্ন বাড়িতে ঢুকে চুরি করে থাকে। এ কারণে এলাকাবাসীর সহায়তায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আটক তিন নারীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
