চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র্যাব-৭ এর ডিএডি মো. মোতালেব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় কয়েকজন আহত আছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, সন্ধ্যায় র্যাব-৭ এর সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন র্যাব সদস্য আহত হন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখার সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
জঙ্গল সলিমপুর এলাকায় গত ৪০ বছর ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ বসতবাড়ি। পাহাড়ের সরকারি খাস জায়গার দখলদারিত্ব ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে গড়ে উঠেছে দুর্ধর্ষ একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ।
জানা যায়, জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে সহজে প্রবেশ করতে পারেন না। একাধিকবার অভিযান পরিচালনার সময় পুলিশ ও অন্যান্য বাহিনীকে সংঘবদ্ধ ও সশস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে।
এই অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে রয়েছে দুটি শক্তিশালী সংগঠন। এর একটি হলো ‘আলীনগর বহুমুখী সমিতি’, যার নেতৃত্বে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়া। অপরটি ‘মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’, যা নিয়ন্ত্রণ করছেন কাজী মশিউর ও গাজী সাদেক।
পুলিশ সূত্র জানায়, বর্তমানে এই দুই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৩০ হাজার। দখল করা পাহাড়ি জমিতে বসতি স্থাপন, প্লট বাণিজ্য এবং অবৈধ স্থাপনা রক্ষায় সংগঠিতভাবে তারা দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
