কেমন আছেন শবনম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ এএম

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম। বিখ্যাত সিনেমা ‘আম্মাজান’-এর পর দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় নেই এই বরেণ্য তারকা। তবে তার কাছে যে সিনেমাতে অভিনয়ের প্রস্তাব যায়নি, এমনটাও নয়। গল্প, চরিত্রে কোনো মৌলিকত্ব খুঁজে পাননি বলেই তিনি আর অভিনয় করেননি। আর এখন আশি বছর বয়সে শারীরিক অবস্থা সব মিলিয়ে সবসময় ভালোও থাকে না, যে কারণে আর হয়তো সিনেমাতে অভিনয়ের সুযোগ হবে না এই জীবনে। কারণ বিভিন্ন সময়েই শারীরিক নানান সমস্যায় থাকেন তিনি। তাহলে এই সময়ে কেমন করে কাটছে জীবন্ত কিংবদন্তী এই নায়িকার?

খোঁজ নিয়ে জানা গেল রাজধানীর বারিধারা ডিওএইচএস একমাত্র ছেলে রনিকে নিয়েই সময় কেটে যাচ্ছে তার। বেশ কয়েকবছর আগে শবনমের স্বামী দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রবিন ঘোষ মারা যাওয়ার পর শবনম যেন অনেকটাই একা হয়ে যান। একমাত্র ছেলে রনিও মায়ের একাকীত্বের কথা ভেবেই তিনিও আর দেশের বাইরে স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তাও করেননি। মা’কে ভালোবেসে মা’কে আগলে রাখতে তিনিও দেশেই থেকে যান।

বর্তমানে কেমন করে সময় কাটে? জবাবে শবনম বলেন, ‘একটা সময় সিনেমাতে কাজ করার প্রস্তাব আসত, কিন্তু গল্প এবং চরিত্রে মৌলিকত্ব খুঁজে পাইনি বলে করা হয়ে ওঠেনি। আর এখনে তা আর কাজ করারই প্রস্তাব আসে না। একটা সময় আমার শুটিং হাউজ ছিল, সেটা নিয়েও আমার ব্যস্ততা ছিল। এখন সেটাও নেই। ঘরে বসেই সময় কাটে। আগে নিয়মিত পার্কে হাঁটতে যেতাম, গাজী ভাইয়ের (গাজী মাজহারুল আনোয়ার) সঙ্গে দেখা হতো, গল্প করতাম, এখন তিনিও নেই। পরিচিত অনেককেই এখন আর পার্কেও হাঁটতে দেখিনা। হয়তো অনেকেই চলে গেছেন, জানিও না।’

তিনি আরও বলেন, যেহেতু শারীরিকভাবে কিছুটা অসুস্থ আমি, তাই ঘরেতেই এখন সময় কাটছে। পুরনো দিনের কথা মনে করে, টিভি দেখে, পত্রিকা পড়ে সময় কাটছে। কারও কারও সঙ্গে ফোনে কথা বলে এবং মাঝেমধ্যে ফেসবুকেও সময় কাটে। আবার ফেসবুকের কিছু ঘটনার সত্য মিথ্যা যাচাই করেও নেই। তবে এটা সত্যি অভিনয় যে আর করব না এমনও নয়। হয়তো কোনো এক সময় করতেও পারি। যদি সবমিলিয়ে আমার ভালো লাগে, শরীরও যদি সায় দেয়। সবই আসলে সময়ের ব্যাপার।’

সর্বশেষ সর্বাধিক পঠিত