আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা–আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক কৃষক দলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন হাজারী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নাছির উদ্দীন হাজারী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করে আসছেন। অতীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, কসবা–আখাউড়া এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং এই আসনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত বছরের ২৯ ডিসেম্বর নাছির উদ্দীন হাজারী কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
পরবর্তীতে ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। গত ১৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।
