ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দিচ্ছে না ফ্রান্স

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নানা জটিলতা ও বিতর্কের মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

সোমবার (১৯ জানুয়ারি) ম্যাক্রোঁর দপ্তর জানান, ট্রাম্পের নেতৃত্বাধীন এই বোর্ড গাজার অন্তর্বর্তী শাসনের সীমা ছাড়িয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং এতে জাতিসংঘের বিদ্যমান কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে বলা হয়, বোর্ডের সনদ গাজার গণ্ডি ছাড়িয়ে গেছে এবং জাতিসংঘের নীতি ও কাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। 

গত শুক্রবার ট্রাম্প গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটাতে তার বিশ দফা পরিকল্পনার অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’গঠনের ঘোষণা দেন। তিনি একে ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে আখ্যা দেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোও বোর্ডের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বোর্ডের সনদে গাজা ছাড়াও অন্যান্য অঞ্চলে হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে এবং চেয়ারম্যান হিসেবে ট্রাম্পের হাতে অত্যন্ত বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় তিনি সদস্য অনুমোদন, নিজের উত্তরসূরি বাছাই এবং সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতাও পাবেন। ব্যারোর ভাষায়, এটি জাতিসংঘ সনদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এদিকে বোর্ডে স্থায়ী সদস্য থাকতে চাইলে তিন বছরের পর সদস্য দেশগুলোকে এক বিলিয়ন ডলার ফি দিতে হবে—এমন শর্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার দেশ বোর্ডে যোগ দিলেও স্থায়ী আসনের জন্য অর্থ দেবে না। ট্রাম্প জার্মানি, যুক্তরাজ্য, আলবেনিয়া, আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ভারত, তুরস্ক ও ভিয়েতনামকেও বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সোমবার ক্রেমলিন নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত