খাসজমি দখলচেষ্টার অভিযোগে হাতিয়ায় গ্রেপ্তার ১

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় খাসজমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে সরকারি খাসজমি  বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে  দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত