দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল মিরসরাইয়ের ব্যবসায়ী টিপু চৌধুরীর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ এএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০)। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রিটোরিয়ার কায়ামথলাংগা এলাকায় তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির বাসিন্দা। তিনি মৃত আবু তাহেরের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় থানায় রাখা হয়েছে এবং দেশে আনার প্রস্তুতি চলছে।

একই সঙ্গে তিনি আরও বলেন, প্রায় ২০ বছর আগে একই কায়দায় টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মো. আশরাফ উদ্দিন বলেন, টিপু চৌধুরী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত। টিপু চৌধুরীর সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে। বর্তমানে তিনি ছুটিতে দেশে অবস্থান করছেন।

এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত