সিলেটে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে গ্রামের লোকজন। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে চোরাচালানে যুক্ত কয়েক যুবকের বাগ্বিতন্ডার জেরে এ ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে বিজিবি কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সীমান্তের টিপরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তখন বিজিবি সদস্যরা স্থানীয় কয়েকটি বাড়িতে তল্লাশি চালালে এবং কয়েকজনকে লাঠিচার্জ করলে পরিস্থিতির অবনতি হয়। গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালান। বিজিবিও পাল্টা আক্রমণ ও গুলি চালায়। এতে আতিক নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, স্থানীয় রায়হান মিয়া, নুরজাহান বেগম প্রমুখ।

খবর পেয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, পুলিশ ইন্সপেক্টর উসমান গণি অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি সেনাবাহিনীর একটি টহল দলও সেখানে গিয়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, গত ২০ জানুয়ারি টিপরখলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু চোরাচালান নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় বিজিবি ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায়ও বিজিবির প্রতি চোরাকারবারিরা ক্ষিপ্ত ছিল। ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মাহবুবুর রহমান জানান, গুলিবিদ্ধ একজনসহ অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত