ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের দিকে, এবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
রবিবার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনা। এছাড়া, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকদিন সময় লাগবে।
গত আট মাসে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলছে ওয়াশিংটন। তাদের এ সামরিক সংগ্রহে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রোন এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান। তার এ বক্তব্য থেকে ইরানে হামলার গুঞ্জন শক্তিশালী হয়। তবে ট্রাম্প পরিষ্কার করেছেন, তিনি এসব অস্ত্র ব্যবহার করতে চান না। বরং তিনি ইরান সরকারের সঙ্গে সংলাপ করতে আগ্রহী।
গত ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় ইরানের নিরাপত্তাবাহিনী। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, এ ঘটনায় প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।
বিক্ষোভের সময় ইরানে হামলার হুমকি দিলেও পরবর্তীতে ট্রাম্প বলেন, ইরান হত্যা বন্ধ করায় হামলার পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে দিয়ে বলেছে, তাদের ওপর কোনো হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।
