সহজে পড়া মনে রাখবে যেভাবে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ এএম

অনেকেরই অভিযোগ, বারবার পড়ার পরও পড়া মনে থাকে না। অনেক শিক্ষার্থী আবার মনে করে পড়া মনে রাখার জন্য অনেক মেধাবী হতে হয়। কিন্তু সত্য হলো, ছোট ছোট কিছু কৌশল অবলম্বন করলেই পড়া মনে রাখা সম্ভব। সহজে পড়া মনে রাখার কৌশল জানাচ্ছেন লিজা চৌধুরী

মনোযোগের সঙ্গে পড়া

বেশি সময় ধরে পড়ার থেকে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে পড়া। পড়ার মাঝে অন্যমনস্ক হলে পড়া মনে থাকবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার, তা সে যত ঘণ্টাই পড়–ক না কেন। তাই পড়ার সময় মনোযোগ যেন পড়ার বিষয়েই থাকে সেই চেষ্টা করতে হবে। পড়ার জন্য এমন স্থান খুঁজে বের করো যেখানে হইচই, শব্দ কিছুটা কম। সাধারণের যাতায়াত যেখানে অপেক্ষাকৃত কম। নানা প্রয়োজনে বারবার পড়া থেকে উঠতে হলে পড়ায় মনোযোগ রাখা সম্ভব না। তাই পানির পাত্র, ক্যালকুলেটর, খাতা, পেনসিল, কলম, জ্যামিতি বক্স প্রভৃতি জিনিসপত্র নিয়ে বসো।

নিজের ভাষায় মনে রাখো

পড়া বইয়ের ভাষায় মনে রাখতে হবে তার কোনো মানে নেই। বিষয়টি বুঝে নিজের ভাষায় মনে রাখতে পারলেও চলবে। এ জন্য বুঝে বুঝে পড়ো। না বুঝে পড়লে মনে থাকে না। নতুন কোনো পড়া শুরু করার সময় কয়েকবার রিডিং পড়ে যাও। এরপর চিন্তা করো এখানে সারকথা কী। প্রয়োজনে আরও কয়েকবার পড়ো। গুরুত্বপূর্ণ কথা ও বাক্যের নিচে অন্য কালি দিয়ে চিহ্নিত করো।

নোট করো

শিক্ষার্থীদের অনেকেই স্বতন্ত্র চিন্তাধারার অধিকারী। তারা পড়ার বিষয়টি বইয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে স্বস্তিবোধ করে না। ফলে মনেও থাকে না। এক্ষেত্রে বিষয়টি নিজেদের মতো করে সাজিয়ে নিলে মনে রাখা তাদের জন্য সহজ হবে। তাই সহজে মনে রাখতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিজের মতো সাজিয়ে নিজে নোট করো। তাহলে পড়া মনে রাখা সহজ হবে।

নিজেকে পুরস্কৃত করো

পড়াশোনা একঘেয়ে মনে হলে পড়াশোনায় মনোযোগ থাকে না। ফলে পড়লেও পড়া মনে থাকে না। পড়াশোনাকে করে তোলো আনন্দময়। প্রতিটি বিষয় আয়ত্তের জন্য নির্দিষ্ট পুরস্কার বরাদ্দ রাখো। প্রতিটি অধ্যায় শেষ করতে পারলে পাঁচ মিনিটের বিরতি নেবে বা এই বিষয়টি শেষ করতে পারলে বন্ধুর চা বানিয়ে খাব প্রভৃতি ছোটখাটো পুরস্কারে পুরস্কৃত করো। তাহলে আর পড়াশোনা ভীতিকর বিষয় হয়ে থাকবে না। আনন্দময় হয়ে উঠবে।

পড়ার উপযুক্ত সময় খুঁজে বের করো

মানুষের মানসিক শক্তির স্তর সময়ভেদে আলাদা হয়। তাই একজন শিক্ষার্থী যে পড়া সকালে দ্রুত আয়ত্ত করতে পারে রাতে সেই পড়া আয়ত্ত করতে তার দ্বিগুণ সময় লাগতে পারে। আবার এর বিপরীত ঘটনাও ঘটে। কোন সময়ে পড়লে তুমি দ্রুত পড়া আয়ত্ত করতে পারো তা খুঁজে বের করো। তোমার পড়ার রুটিনটিও সেভাবে সাজাও। তাহলে দেখবে অনুকূল সময়ে পড়া যেমন দ্রুত আয়ত্ত হবে তেমনি মনেও থাকবে অনেক দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত