১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালির প্রয়াণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্যের শোকবার্তা প্রদান করা হয়।
শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসির একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তার প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
এসময় উপাচার্য মার্ক টালির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে। তার বয়স হয়েছিল ৯০ বছর।
